৩। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে সরকার, জাতীয় উদ্ভিদ সংগনিরোধ কর্তৃপক্ষ নামে একটি কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করিতে পারিবে। (২) উপ-ধারা (১) অনুযায়ী জাতীয় উদ্ভিদ সংগনিরোধ কর্তৃপক্ষ নামে স্বতন্ত্র প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত পরিচালক, উদ্ভিদ সংরক্ষণ উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জাতীয় উদ্ভিদ সংগনিরোধ কর্তৃপক্ষ হিসাবে গণ্য হইবে এবং এই আইনের অধীন যাবতীয় ক্ষমতা প্রয়োগ করিবে। (৩) উপ-ধারা (১) অনুযায়ী স্বতন্ত্র প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ উইং-এ কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারী কর্তৃপক্ষের কর্মকর্তা ও কর্মচারী হিসাবে দায়িত্ব পালন করিবে।