ধারা ৯৩। দলিলে ব্যবহৃত ভাষা যখন দৃশ্যমানত অনিশ্চয়তাবোধক বা ত্রুটিপূর্ণ তখন যা দ্বারা উহার অর্থ বোধগম্য হয় বা ত্রুটি মোচন হয় এইরূপ সাক্ষ্য দেওয়া যাইতে পারে না। উদাহরণঃ (ক) ক একটি ঘোড়া ১০০০ টাকা অথবা ১৫০০ টাকা মূল্যে খ-এর নিকট বিক্রয় করিবার জন্য লিখিত চুক্তিতে আবদ্ধ হয়। কোন মূল্য দেওয়া স্থির হইয়াছিল, সেই বিষয়ে সাক্ষ্য দেওয়া যাইবে না। (খ) একটি দলিলে কতকগুলি শূন্যস্থান আছে। শূন্যস্থানগুলি কিভাবে পূরণ করা স্থির হইয়াছিল, সেই বিষয়ে সাক্ষ্য দেওয়া যাইবে না।