৩২। (১) পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ তহবিল নামে পরিষদের একটি তহবিল থাকিবে। (২) পরিষদের তহবিলে নিম্নবর্ণিত অর্থ জমা হইবে, যথা:- (ক) পার্বত্য জেলা পরিষদের তহবিল হইতে প্রদেয় অর্থ, যাহার পরিমাণ সময় সময় সরকার কর্তৃক নির্ধারিত হইবে; (খ) পরিষদের উপর ন্যস্ত এবং তৎকর্তৃক পরিচালিত সম্পত্তি, যদি থাকে, হইতে প্রাপ্ত অর্থ বা মুনাফা; (গ) সরকার বা অন্যান্য কর্তৃপক্ষের ঋণ ও অনুদান; (ঘ) কোন প্রতিষ্ঠান বা ব্যক্তি কর্তৃক প্রদত্ত অনুদান; (ঙ) পরিষদের অর্থ বিনিয়োগ হইতে অর্জিত মুনাফা; (চ) পরিষদ কর্তৃক প্রাপ্ত যে কোন অর্থ; (ছ) সরকারের নির্দেশে পরিষদের উপর ন্যস্ত অন্যান্য আয়ের উৎস হইতে প্রাপ্ত অর্থ।