৩। (১) সরকার, প্রয়োজনে, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, প্রজ্ঞাপনে উল্লিখিত তারিখে কোন এলাকায় এক বা একাধিক ক্যাডেট কলেজ প্রতিষ্ঠা করিতে পারিবে। (২) প্রত্যেক কলেজ উহার নিজ নামে একটি সংবিধিবদ্ধ সংস্থা হইবে এবং উহার স্থায়ী ধারাবাহিকতাসহ একটি সাধারণ সিলমোহর থাকিবে, এবং উহার স্থাবর ও অস্থাবর উভয় প্রকারের সম্পত্তি অর্জন, ধারণ ও হস্তান্তর করিবার, চুক্তি সম্পাদন করিবার, এবং এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, অন্যান্য প্রয়োজনীয় কার্য সম্পাদন করিবার ক্ষমতা থাকিবে, এবং ইহা স্বীয় নামে মামলা করিতে পারিবে এবং ইহার বিরুদ্ধেও মামলা করা যাইবে।