৫। (১) উপজেলা পরিষদ কর্তৃক প্রদত্ত লাইসেন্স ব্যতীত কৃষি কাজের জন্য কোন স্থানে কোন নলকূপ স্থাপন করা যাইবে না। (২) নলকূপ স্থাপনের লাইসেন্সের জন্য উপজেলা পরিষদের নিকট, নির্ধারিত ফিসহ ফরমে, আবেদন করিতে হইবে। (৩) নির্ধারিত ফিসহ আবেদন করা না হইলে উপজেলা পরিষদ কর্তৃক কোন আবেদন গ্রহণ করা হইবে না। (৪) উপ-ধারা (২) এর অধীন আবেদন করা হইলে উপজেলা পরিষদ আবেদনে উল্লিখিত স্থান ও তথ্যাবলির সত্যতা যাচাইপূর্বক নির্ধারিত সময়ের মধ্যে লিখিত প্রতিবেদন দাখিলের জন্য উপজেলা সেচ কমিটিকে নির্দেশনা প্রদান করিবে। (৫) উপ-ধারা (৪) এর অধীন নির্দেশনা প্রাপ্তির পর উপজেলা সেচ কমিটি আবেদনে উল্লিখিত স্থান সরেজমিনে পরিদর্শন করিবে…