৪৩। (১) সরকার যদি এই মর্মে সন্তুষ্ট হয় যে, কোন বিশেষ শ্রেণীর কর্মের কোন কপিরাইট সমিতি সমগ্র বাংলাদেশব্যাপী অনুরূপ কর্মের মালিকদের অধিকার পরিচালনা করিতেছে, তাহা হইলে সরকার সেই সমিতিকে এই ধারার উদ্দেশ্যে নিযুক্ত করিবে। (২) কপিরাইট সমিতি, এতদুদ্দেশ্যে প্রণীত বিধি সাপেক্ষে, কোন কর্মের প্রচার সংখ্যা বিবেচনা করিয়া কপিরাইটের প্রত্যেক মালিককে প্রদেয় পারিশ্রমিকের পরিমাণ নির্ধারণের জন্য একটি পরিকল্পনা তৈরী করিবে: তবে শর্ত থাকে যে, অনুরূপ পরিকল্পনায় প্রদেয় অর্থ কপিরাইট সমিতির বিবেচনায় যুক্তিসংগত প্রচারণার পর্যায়ে উপনীত কর্মের কপিরাইট মালিকের মধ্যে সীমিত থাকিবে।