২। বিষয় বা প্রসংগের পরিপন্থী কিছু না থাকিলে, এই আইনে,- (১) "অনুলিপি" অর্থ বর্ণ, চিত্র, শব্দ বা অন্য কোন মাধ্যম ব্যবহার করিয়া লিখিত, শব্দ রেকর্ডিং, চলচ্চিত্র, গ্রাফিঙ্ চিত্র বা অন্য কোন বস্তুগত প্রকৃতি বা ডিজিটাল সংকেত আকারে পুনরুৎপাদন (স্থির বা চলমান), দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক বা পরাবাস্তব নির্বিশেষে; (২) "অনুলিপিকারী যন্ত্র" অর্থ কোন যন্ত্র বা যান্ত্রিক কৌশল বা পদ্ধতি যাহা কোন কর্মের যে কোন ধরনের অনুলিপি তৈরী বা পুনরুৎপাদনের জন্য ব্যবহৃত হয় বা হইতে পারে; (৩) "অভিযোজন" অর্থ- (ক) নাট্য কর্মের ক্ষেত্রে কর্মটিকে অ-নাট্য কর্মে রূপান্তর; (খ) সাহিত্য বা শিল্পকর্মের ক্ষেত্রে, অভিনয় বা অন্য কোন…