১১। (১) সরকার, এই আইন কার্যকর হওয়ার পর যত শীঘ্র সম্ভব, কপিরাইট বোর্ড নামে একটি বোর্ড গঠন করিবে, যাহা, একজন চেয়ারম্যান ও অনূ্যন দুইজন কিন্তু অনধিক ছয় জন সদস্য সমন্বয়ে গঠিত হইবে। (২) চেয়ারম্যান ও সদস্যগণ সরকার কর্তৃক নিযুক্ত হইবেন। (৩) বোর্ডের চেয়ারম্যান ও অন্যান্য সদস্য বিধি দ্বারা নির্ধারিত মেয়াদ ও শর্তাধীনে স্বীয় পদে বহাল থাকিবেন। (৪) সিলেকশন গ্রেড প্রাপ্ত জেলাজজ ছিলেন বা আছেন বা সরকারের অতিরিক্ত সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা বা হাইকোর্টের বিচারপতি হইবার উপযুক্ত একজন আইনজীবী চেয়ারম্যান নিযুক্ত হইবেন। (৫) রেজিষ্ট্রার বোর্ডের সচিব হইবেন এবং নির্ধারিত দায়িত্ব পালন করিবেন।