৪৷ (১) কমিশন কর্তৃক নিবন্ধিত না হইলে কোন ডিপজিটরি এই আইনের অধীন কোন কার্যক্রম পরিচালনা করিতে পারিবে না৷ (২) উপ-ধারা (১) এর অধীন নিবন্ধীকরণের আবেদন প্রবিধান দ্বারা নির্ধারিত ফরম, পদ্ধতি, ফি প্রদান এবং অন্যান্য শর্ত যদি থাকে, পূরণ করিয়া দাখিল করিতে হইবে এবং কমিশন আবেদনকারীর নিকট হইতে আবেদনটি বিবেচনার সুবিধার্থে প্রয়োজনীয় সংশ্লিষ্ট অন্য যে কোন তথ্য চাহিতে পারিবে যাহা আবেদনকারী সরবরাহ করিতে বাধ্য থাকিবে৷ (৩) কমিশন, লিখিতভাবে কারণ উল্লেখ করিয়া, কোন নিবন্ধীকরণের আবেদন নামঞ্জুর করিতে পারিবে: তবে শর্ত থাকে যে, যুক্তিসংগত শুনানীর সুযোগ প্রদান না করিয়া এই উপ-ধারার অধীন কোন আবেদন নামঞ্জুর করা যাইবে না৷