৬। (১) কোন অপরাধের তদন্তের প্রয়োজনে অন্যূন দুইজন সাক্ষীর উপস্থিতিতে, বিধি দ্বারা নির্ধারিত ফরমে ও পদ্ধতিতে, লিখিত সম্মতি গ্রহণ ব্যতীত এই আইনের অধীন কোন ব্যক্তির নিকট হইতে ডিএনএ নমুনা সংগ্রহ করা যাইবে না। (২) উপ-ধারা (১) এ বর্ণিত কোন ব্যক্তি যদি শিশু বা মানসিক ভারসাম্যহীন বা শারীরিকভাবে অক্ষম হন, তাহা হইলে উক্ত শিশু বা মানসিক ভারসাম্যহীন বা শারীরিকভাবে অক্ষম ব্যক্তির পক্ষে তাহার পিতামাতা বা আইনানুগ অভিভাবক বা তৎকর্তৃক নিয়োজিত আইনজীবী কর্তৃক সম্মতি প্রদান করা হইলে, উক্ত শিশু বা মানসিক ভারসাম্যহীন বা শারীরিকভাবে অক্ষম ব্যক্তি কর্তৃক সম্মতি প্রদান করা হইয়াছে বলিয়া গণ্য হইবে।