২৫। (১) এই ধারার অন্যান্য বিধান সাপেক্ষে, সিন্ডিকেট উহার সভার কার্যপদ্ধতি নির্ধারণ করিতে পারিবে। (২) সিন্ডিকেটের সভা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপাচার্য কর্তৃক নির্ধারিত স্থান, তারিখ ও সময়ে হইবে, তবে প্রয়োজনে উক্ত সভা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করিয়া সম্পন্ন করা যাইবে। (৩) অন্যূন ৩ (তিন) মাসে সিন্ডিকেটের একটি সভা অনুষ্ঠিত হইবে। (৪) উপাচার্য বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনে যেকোনো সময় সিন্ডিকেটের বিশেষ সভা আহ্বান করিতে পারিবেন। (৫) উপাচার্য সিন্ডিকেট সভায় সভাপতিত্ব করিবেন।