২০। (১) কর্পোরেশন যে কোনো সময়, ডেভেলপারকে প্রদত্ত অনুমতিপত্র স্থগিত বা বাতিল করিতে পারিবে, যদি ডেভেলপার- (ক) এই আইন, বিধি বা প্রবিধানের অধীন তাহার উপর অর্পিত দায়িত্ব ও কার্যাবলি সম্পাদনে অসমর্থ হয়; বা (খ) এই আইনের অধীন পর্ষদ কর্তৃক প্রদত্ত নির্দেশনা সঠিকভাবে প্রতিপালন করিতে ব্যর্থ হয়; বা (গ) অনুমতিপত্রের শর্তাবলি ভঙ্গ করে; বা (ঘ) অনুমতিপত্রে আরোপিত তাহার উপর অর্পিত দায়িত্ব ও বাধ্যবাধকতা আর্থিক কারণে দক্ষতার সহিত প্রতিপালন করিতে ব্যর্থ হয়। (২) উপধারা (১) এর অধীন ডেভেলপারকে প্রদত্ত অনুমতিপত্র স্থগিত বা বাতিলকরণের পদ্ধতি বিধি দ্বারা নির্ধারিত হইবে।